গতকাল ১১ জানুয়ারি ২০২৬ বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামপালের শ্রীফলতলায় মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের প্রিয় প্রতিষ্ঠান ‘আমাদের গ্রাম’ ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে একটি স্মরণসভা’র আয়োজন করা হয়। এ ছাড়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া অনুষ্ঠান এবং মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়।
মরহুমের সহধর্মিণী শিখা মাহমুদ ও সন্তান সাদাত ইবনে মাহমুদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। স্মরণসভায় সুদূর জাপান থেকে শিক্ষার্থীরা তাঁদের প্রিয় স্যারকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী, শিক্ষক ও দেশের বরেণ্য শিল্পীবৃন্দ মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, দেশের বরেণ্য এই চিত্রশিল্পী ২০২২ সালের ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ১২ জানুয়ারি শ্রদ্ধা নিবেদন শেষে ১৩ জানুয়ারি মধ্যাহ্নে গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে তাঁকে দাফন করা হয়।
মাহমুদুল হকের জন্ম ১৯৪৫ সালে রামপালের শ্রীফলতলা গ্রামে। তিনি তৎকালীন সরকারি চারু ও কারুকলা কলেজ (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে বিএফএ এবং পরবর্তীতে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ছাপচিত্র বিষয়ে জাপান থেকে দুই বছরের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
বরেণ্য এই শিল্পী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তিনি ছাপচিত্র বিভাগের প্রধানসহ চারুকলা ইনস্টিটিউটের পরিচালক এবং পরবর্তীতে জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ও বিদেশে শিল্পী মাহমুদুল হকের শিল্পকর্মের ৩৯টি একক এবং বহু যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি ২০১৯ সালে জাপানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ লাভ করেন।
এছাড়া তিনি জাপানের সুচিউরা সিটি শ্রেষ্ঠ চিত্রকলা পুরস্কার, ১৯৯২ সালে ১০ম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার’, ১৯৯৩, ১৯৯৫ ও ১৯৯৭ সালে টানা তিনবার এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার, কুয়েত আন্তর্জাতিক দ্বিবার্ষিক প্রদর্শনীতে দ্বিতীয় পুরস্কার এবং এস এম সুলতান ফাউন্ডেশনের ‘সুলতান পদক’-সহ দেশে ও বিদেশে অসংখ্য পদক ও পুরস্কার লাভ করেন। দেশের জাতীয় চিত্রশালা, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগ্রাহক এবং বিদেশের বহু চিত্রশালায় তাঁর শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com