নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচির সাবেক পরিচালক ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম আর নেই। আজ রোববার সকাল আটটায় জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৩২ সালে ঝিনাইদহে এক সম্ভ্রান্ত পরিবারে মোহাম্মদ সিরাজুল ইসলামের জন্ম। ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি চিকিৎসা পেশায় যুক্ত হন। কর্মজীবনে তিনি উগান্ডা, মালয়েশিয়া ও সৌদি আরবেও চিকিৎসক হিসেবে কাজ করেছেন।
দেশে ফেরার পর জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম। দীর্ঘ ২৫ বছর জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। এ ছাড়া জাহিরুল ইসলাম মেডিকেল কলেজ এবং উত্তরা উইমেনস মেডিকেল কলেজের ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ সিরাজুল ইসলামের স্ত্রী প্রয়াত সোফিয়া ইসলাম ঢাকায় কানাডার হাইকমিশনে সামাজিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা ছিলেন। তাঁদের তিন সন্তান রেজওয়ান ইসলাম, তানভীর ইসলাম ও নাবিলা ইসলাম। গতকাল বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে মোহাম্মদ সিরাজুল ইসলামকে দাফন করা হয়।
businessbarta.com সবার জন্য businessbarta.com