নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল সমাজের নিম্ন আয়ের ও দুস্থ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে বিশেষ ছাড় কর্মসূচি চালু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি হাসপাতালের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় হাসপাতালটির শীর্ষ কর্মকর্তারা এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. লোকমান হোসাইন বলেন, দেশের অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ কার্ডের মাধ্যমে গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, হাসপাতালের বিশেষ ছাড় কার্ডধারীরা বিভিন্ন চিকিৎসকের চেম্বার ভিজিটে উল্লেখযোগ্য ছাড় পাবেন। সাধারণত যেসব কনসালট্যান্ট চিকিৎসকের ভিজিট ফি ৭০০ থেকে ৮০০ টাকা, সেখানে কার্ডধারীরা মাত্র ২০০ টাকায় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। একইভাবে ১,০০০ থেকে ১,২০০ টাকা ফি নির্ধারিত চিকিৎসকদের ক্ষেত্রেও কার্ডধারীদের জন্য ভিজিট ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০০ টাকা।
এছাড়া বিভিন্ন অস্ত্রোপচারেও বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে কার্ডধারীরা ২৫ থেকে ৩০ হাজার টাকায় সেবা গ্রহণ করতে পারবেন, যেখানে সাধারণ খরচ তুলনামূলকভাবে অনেক বেশি।
হাসপাতালটি অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য তিনটি ফ্রি বেডও সংরক্ষণ করেছে। এসব বেডে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আর্থিক সংকটের কারণে যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
হাসপাতালের নির্বাহী পরিচালক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কনসালট্যান্ট ডা. মেহের মারুফ হিমেল বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে দক্ষ জনবলই একটি হাসপাতালের সবচেয়ে বড় শক্তি। আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ মিলিয়ে মোট ১৪টি বেড রয়েছে। আন্তর্জাতিক মানের ভেন্টিলেটর, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি রোগীর জন্য সার্বক্ষণিক নার্সিং সেবা নিশ্চিত করা হয় এবং অভিজ্ঞ চিকিৎসক দল নিয়মিত রোগীদের পর্যবেক্ষণ করেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা লাইফ সাপোর্ট সুবিধাও চালু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রতিষ্ঠানটিতে মোট ৯১৯ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৯৫ শতাংশেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশেষ করে ভেন্টিলেটর-নির্ভর রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় হাসপাতালটি শতভাগ সফলতার দাবি করেছে।
বক্তারা বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জন্য চিকিৎসা গ্রহণ অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের এই বিশেষ ছাড় কর্মসূচি সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, তাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা প্রদান নয়; বরং মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করে জনগণের আস্থা অর্জন করা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com