বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআই -এর মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে এ বছর পবিত্র হজ পালনকারী যাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ প্রদান করেছে এসিআই। আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’র কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কেয়ার প্যাকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব কাইজার সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জনাব সৈয়দ মইন উদ্দিন আহমেদ। এসিআই-এর পক্ষ থেকে ‘হজ কেয়ার প্যাক’হস্তান্তর করেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জনাব মো. কামরুল হাসান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব কাইজার সোহেল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআই-এর এই সৌজন্যমূলক উদ্যোগ হজযাত্রীদের সফরে বিশেষ সহায়ক হবে। এটি একটি শুরু মাত্র; ভবিষ্যতে আমাদের সেবার এই মান ও পরিধি আরও বৃদ্ধি করা হবে।” বিশেষ অতিথির বক্তব্যে বিমানের ডিএমডি জনাব সৈয়দ মইন উদ্দিন আহমেদ এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয় প্রতিষ্ঠানের এই সহযোগিতামূলক সম্পর্ক আগামী বছরেও অব্যাহত থাকবে। এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, “বিমানের এই মহৎ সেবামূলক কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। এসিআই আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে সকল হজযাত্রীর কাছে আমরা এই সেবা পৌঁছে দিতে সক্ষম হব।”
অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে আশরাফুল আলম, পরিচালক বিপণন ও বিক্রয়, মোহাম্মদ মিজানুর রশীদ, পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ (অতিরিক্ত দায়িত্ব), ক্যাপ্টেন রেজোয়ান ইসলাম চিফ অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এবং ক্যাপ্টেন আবু নাছের আহমেদ ইমরান, চিফ অফ ফ্লাইট সেফটি সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এসিআই-এর পক্ষ থেকে মার্কেটিং ম্যানেজার জনাব মো. আসাদুল ইসলাম শুভ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব এ.কে.এম মাহমুদুর রহমান ও মিডিয়া বিভাগের সহকারী ব্যবস্থাপক জনাব মাহদী হাসান খান চিশতী উপস্থিত ছিলেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com