জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. নাসির উদ্দিন পাখিকে দেখতে চান তার সমর্থকেরা। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সব চেয়ে বেশী আলোচনায় রয়েছেন বলে দাবি করেছেন তার সমর্থকেরা।
সমর্থকদের ভাষ্য অনুযায়ী, রশিদপুর ইউনিয়নে বিএনপির রাজনীতির শুরুর দিকের কয়েকজন নেতার মধ্যে নাসির উদ্দিন পাখি অন্যতম। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ইউনিয়ন পর্যায়ের রাজনীতির পাশাপাশি থানা বিএনপির সঙ্গেও দায়িত্ব পালন করছেন বলে তারা জানান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নাসির উদ্দিন পাখির দীর্ঘদিনের সম্পৃক্ততাকে তার অন্যতম শক্তি হিসেবে দেখছেন সমর্থকেরা। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে তার। বিভিন্ন সময়ে ইউনিয়নবাসীর বিপদ-আপদে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।
চেয়ারম্যান পদে দুই মেয়াদ নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে নাসির উদ্দিন পাখির—এটিকেও স্থানীয় নির্বাচনী রাজনীতিতে তার অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন সমর্থকেরা।
এ ছাড়া জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলে দাবি করে সমর্থকেরা বলেন, দলীয় সমর্থন পেলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে পারবেন।
সমর্থকদের আরও দাবি, অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ বা বিতর্ক তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িত নেই। এ কারণে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় জনসম্পৃক্ততার সমন্বয়ে নাসির উদ্দিন পাখিকে তারা রশিদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান।
businessbarta.com সবার জন্য businessbarta.com